কক্সবাজারের রামুতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ জাসেদুল ইসলাম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে মো. হামিম নামে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
নিহত জাসেদুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগমারা এলাকার মোহাম্মদ মুফিজুর রহমানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে এশার নামাজের পর জাসেদুল ইসলাম আট বন্ধুর সঙ্গে চারটি মোটরসাইকেলে করে কক্সবাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। পরে রাতে রামু থানা এলাকার সামনে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে জাসেদুলের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন। ঘটনাস্থলেই জাসেদুল ইসলামের মৃত্যু হয়। পরে আহত অপর দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় ও হাইওয়ে পুলিশের সহায়তায় জাসেদুলের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করা হয়। সুরতহাল ও ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ সংশ্লিষ্ট আইনে মামলা এবং দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি জব্দের প্রক্রিয়া গ্রহণ করেছে বলে জানা গেছে।
BanglaDock