বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করেন না বলে জানিয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। দেশে বিভিন্ন জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তানজিন তিশা বলেন, নানা পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা এমন সমস্যার মুখোমুখি হন, যা তাদের প্রাপ্য নয়। অনেক ক্ষেত্রে এসব ঘটনাকে অন্যায় মনে হলেও ন্যায়বিচার পাওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
তানজিন তিশা বলেন, ‘সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা প্রাপ্য নই। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’
নারীদের নিরাপত্তার বিষয়ে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’
দীর্ঘদিন ছোটপর্দায় কাজ করার পর বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তানজিন তিশার। শাকিব খানের বিপরীতে তার অভিনীত ‘সোলজার’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
BanglaDock