কক্সবাজারের ঘুমধুম সীমান্তে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই এফডিএমএন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাত ৯টার দিকে সীমান্ত পিলার ৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি টহলদল বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদ ইসলাম (২৫) ও মোহাম্মদ মোজিবুল্লাহকে (২৩) আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক জব্দমূল্য ৩০ লাখ টাকা।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, আটক দুজনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
BanglaDock