চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, সাতটি ট্রলিং জাল এবং ২ হাজার ১০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ১৩ জন জেলেকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল মাছঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
পরে বোটটি তল্লাশি করে প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের সাতটি ট্রলিং জাল এবং ২ হাজার ১০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় বোটে থাকা ১৩ জন জেলেকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত ট্রলিং বোট, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ মাছ শিকার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
BanglaDock