শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে বৃহস্পতিবার সকাল ১০টায় ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিলে শাহবাগ দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ বলেন, জনগণের ভোগান্তির কথা বিবেচনা করেই তারা আপাতত সড়ক ছেড়ে যাচ্ছেন। তবে রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের উদ্দেশে লংমার্চ কর্মসূচি পালন করা হবে।
এর আগে পরীক্ষা শেষে দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন। পরে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন তারা। সেখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রায় দেড় ঘণ্টা অবস্থান ও বিক্ষোভ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুল এবং পরীক্ষা ব্যবস্থাপনায় সমন্বয়হীনতার কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব ঘটনার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা।
একই দিনে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনেও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ঢাকামুখী ও গাজীপুরমুখী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা তিন দফা দাবির পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
BanglaDock