`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মহেশখালীতে পুলিশের অভিযানে ৮ অস্ত্রসহ আটক ২

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং
মহেশখালীতে পুলিশের অভিযানে ৮ অস্ত্রসহ আটক ২ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মহেশখালীর ছোটমহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা চৌরাস্তার মোড়ে পুলিশের অভিযানে আটটি অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র চালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।


রোববার দুপুরে মহেশখালী থানা মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট মো. অহিদুর রহমান পিপিএম এ তথ্য জানান।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সুলতান ও ওসি (তদন্ত) প্রতুল কুমার শীলের নেতৃত্বে শনিবার রাত সোয়া ৯টার দিকে ছোটমহেশখালীর ঠাকুরতলা চৌরাস্তার মোড়ে পুলিশ চেকপোস্ট বসানো হয়।


এ সময় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে একটি ট্রাভেল ব্যাগ থেকে আটটি অস্ত্র উদ্ধার ও জব্দ করা হয়। একই সঙ্গে সিএনজিতে থাকা দুইজনকে আটক করা হয়।


জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি দেশীয় তৈরি রাইফেল, পাঁচটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং একটি এলজি।


আটক ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুর এলাকার মোতাহের হোসেনের ছেলে মো. রুবেল মিয়া এবং মহেশখালী উপজেলার ছোটমহেশখালীর ঠাকুরতলা এলাকার মৃত মনিন্দ্র দে’র ছেলে মানিক দে।


মহেশখালী থানার ওসি মো. আব্দুস সুলতান বলেন, গত ২১ আগস্ট উপজেলার শাপলাপুর মিঠাছড়ি এলাকার গহিন পাহাড়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছিল। এরপর জেলা পুলিশ সুপারের নির্দেশে অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে মহেশখালীর বিভিন্ন এলাকায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়।


তিনি বলেন, এরই ধারাবাহিকতায় ঠাকুরতলা মোড়ে চেকপোস্ট পরিচালনা করে আটটি অস্ত্রসহ দুইজনকে আটক করা সম্ভব হয়েছে। অস্ত্র চালানের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় কাজ করছিল।


ওসি আরও জানান, মহেশখালীতে অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সচেতন মহলের প্রতি আহ্বান জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
টেকনাফে জেটি নির্মাণে ২১৫ কোটি টাকা দেবে সরকার

টেকনাফে জেটি নির্মাণে ২১৫ কোটি টাকা দেবে সরকার