কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক দীর্ঘদিনের পলাতক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। রোববার (৯ আগস্ট) দুপুরে উখিয়া উপজেলার বালুখালী মরাগাছ তলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি আবুল জান্নাত (৪২)। তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯ এর বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। তিনি উখিয়া থানার একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।
র্যাবের তথ্য অনুযায়ী, আদালত আবুল জান্নাতকে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছিলেন। অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও ছিল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তার এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
BanglaDock