কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
রোববার (২৬ জুলাই) র্যাব-১৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিসি-২ এর একটি আভিযানিক দল শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি নুরুল আমিনকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরুল আমিন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫-এর বাসিন্দা এবং নুরুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, মাদক সংক্রান্ত একটি মামলায় আদালত নুরুল আমিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
BanglaDock