কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযান ও নিয়মিত কার্যক্রমে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ বিভিন্ন অপরাধে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৭ অক্টোবর দিন ও রাতের দায়িত্ব পালনকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।
থানার দৈনিক প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন ছিনতাইকারী, ছয়জন মাদকসেবী, ধর্তব্য অপরাধে দুইজন, নিয়মিত মামলার একজন এবং পরোয়ানাভুক্ত নয়জন আসামি রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, দিবাকালীন মোবাইল পার্টি-২-এর নেতৃত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলমের দলের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে স্পেশাল-১৮ দলের অভিযানে একটি পরোয়ানা নিষ্পত্তি করা হয়।
রাতের অভিযানে মোবাইল-১ দলের নেতৃত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) রনেশ বড়ুয়ার দল দুজনকে, মোবাইল-২ দলের এসআই মো. তাজুল ইসলামের দল একজনকে, স্পেশাল-১৮ দলের এসআই মো. আবদুস সবুর খানের দল একজনকে এবং মোবাইল-৩ দলের এএসআই মোশাররফ হোসেনের দল তিনজনকে গ্রেপ্তার করে।
পুলিশের দৈনিক প্রতিবেদনে দিন ও রাতের অভিযান মিলিয়ে মোট ২১ জনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে। উদ্ধার করা ইয়াবার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
BanglaDock