`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারের হোটেলে ‘দেশি মুরগি’র নামে সোনালি মুরগি, পর্যটককে হুমকি; ম্যানেজার গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
কক্সবাজারের হোটেলে ‘দেশি মুরগি’র নামে সোনালি মুরগি, পর্যটককে হুমকি; ম্যানেজার গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের একটি তারকা হোটেলের রেস্তোরাঁয় ‘দেশি মুরগি’র নামে সোনালি মুরগির মাংস পরিবেশনের অভিযোগের প্রতিকার চাওয়ায় এক পর্যটককে রাজনৈতিক প্রভাব দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেল সী-গালের রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।


পুলিশ জানায়, পর্যটককে হুমকি দেওয়ার অভিযোগে শনিবার রাতে কক্সবাজার সদর মডেল থানায় দণ্ডবিধির ৪১৯, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে। মামলায় বাদী হয়েছেন থানার এসআই শুভ্র রুদ্র। কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুহাম্মদ আলী জানান, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে পর্যটককে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।


ঘটনার সূত্রপাত গত ৯ আগস্ট। কুষ্টিয়ার কুমারখালী থেকে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন মোহাম্মদ রাসেল উদ্দিন। তিনি হোটেল সী-গালের ৭১৫ ও ৭১৭ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। রাতে পরিবারের সদস্যদের নিয়ে হোটেলের রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় একাধিকবার নিশ্চিত হয়ে ‘দেশি মুরগি’র মাংসের অর্ডার দেন।


রাসেলের অভিযোগ, রেস্তোরাঁর কর্মীরা দেশি মুরগি দেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও খাবার পরিবেশনের পর মাংসের স্বাদ নিয়ে তার সন্দেহ হয়। পরে তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তাকে জানানো হয়, হোটেলে ‘দেশি মুরগি’ হিসেবে মূলত সোনালি মুরগির মাংস পরিবেশন করা হয়।


এরপর রাসেল কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানান। তার অভিযোগ, তাৎক্ষণিক প্রতিকার না পাওয়ার পর রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসান তাকে ফোন করে হুমকি দেন এবং হোটেলের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের সম্পর্ক রয়েছে বলে দাবি করেন।


রাসেল বলেন, খাবারের দাম নিয়ে তার আপত্তি ছিল না; তার অভিযোগ ছিল দেশি মুরগির কথা বলে অন্য ধরনের মাংস পরিবেশন এবং পরে রাজনৈতিক প্রভাব দেখিয়ে তাকে হুমকি দেওয়ার বিষয়ে।


এদিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কামরুল হাসানও হোটেলটির মালিকপক্ষের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্পর্ক রয়েছে বলে দাবি করেন। তার এমন বক্তব্যের একটি অডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।


তবে প্রধানমন্ত্রীর কার্যালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ঘটনায় সরাসরি কোনো নির্দেশ দেওয়া হয়েছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এরই মধ্যে পুলিশ মামলা করে কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে। হোটেল সী-গাল গ্রুপের চেয়ারম্যান মাসুম ইকবাল জানিয়েছেন, ঘটনার পর অভিযুক্ত ম্যানেজারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


অন্যদিকে ‘দেশি মুরগি’র নামে সোনালি মুরগি পরিবেশনের অভিযোগও তদন্তের আওতায় এসেছে। রাসেল উদ্দিনের লিখিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি সরকারি অভিযোগ প্রতিকার ব্যবস্থা বা জিআরএস প্ল্যাটফর্মেও অভিযোগ করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উখিয়ায় মিয়ানমারে পাচারের সময় ৬০০ কেজি সার ও সয়াবিন তেল উদ্ধা

উখিয়ায় মিয়ানমারে পাচারের সময় ৬০০ কেজি সার ও সয়াবিন তেল উদ্ধা