কক্সবাজারের চকরিয়ায় ভাড়া বাসার বাথরুম থেকে সাদিয়া জান্নাত (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী মোহাম্মদ সোহেল পলাতক রয়েছেন।
চকরিয়া পৌরসভার নিরিবিলি আবাসিক এলাকায় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাদিয়া জান্নাত নবগঠিত মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের পূর্বইত্যাখালী গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ সোহেলের স্ত্রী। তাদের একটি কন্যাসন্তান রয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থান থেকে সাদিয়ার মরদেহ নিচে নামিয়ে ফেলেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্বজনরা ঘটনাটিকে আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। নিহতের মা জানাত আরার অভিযোগ, বিদেশ যাওয়ার জন্য স্বামী সোহেল সাদিয়ার বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা আনার জন্য চাপ দিচ্ছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।
অন্যদিকে, নিহতের চাচা নাজমুল হাসান দাবি করেছেন, যে অবস্থায় মরদেহ পাওয়া গেছে তা আত্মহত্যার ঘটনা বলে বিশ্বাসযোগ্য নয়।
ঘটনার পর থেকে সাদিয়ার স্বামী মোহাম্মদ সোহেল পলাতক রয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা নিশ্চিত হওয়া যাবে।
BanglaDock