আজ বুধবার বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব। দিনভর পূজা-অর্চনা, সিঁদুর খেলা ও নানা আনুষ্ঠানিকতার পর দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা।
সকালে দেশের বিভিন্ন পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে বিহিত পূজা। এরপর দর্পণ বিসর্জনসহ ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। স্থানীয় আয়োজন ও সুবিধাজনক সময়ে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।
দেবী দুর্গার বিদায়ের ক্ষণে মণ্ডপে মণ্ডপে বাজবে ঢাক ও শঙ্খ। ভক্তদের মধ্যে থাকবে বিদায়ের বিষাদ। হিন্দুশাস্ত্র অনুযায়ী, বিজয়া দশমীতে দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যান।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি—কাম, ক্রোধ, হিংসা ও লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। এসব প্রবৃত্তি পরিহার করে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার বার্তা দেয় এ উৎসব।
দেবীর বিদায়ের আগে বিভিন্ন পূজামণ্ডপে সিঁদুর খেলায় অংশ নেবেন সনাতনী নারীরা। দেবীর চরণে সিঁদুর নিবেদন করে তা নিজেদের কপাল ও সিঁথিতে পরবেন তাঁরা। পরে একে অপরকে সিঁদুর পরিয়ে দেবীর আশীর্বাদ কামনা করবেন।
ধর্মীয় বিশ্বাস ও প্রচলিত শাস্ত্রীয় রীতি অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন হয়েছে ঘোটকে বা ঘোড়ায় চড়ে এবং গমন হবে নৌকায়। দেবীর আগমন ও গমনকে ঘিরে ভক্তদের মধ্যে রয়েছে নানা ধর্মীয় বিশ্বাস ও ব্যাখ্যা।
BanglaDock