কক্সবাজারে বিভিন্ন মামলায় জব্দ করা প্রায় ৮০ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত কক্সবাজার আদালত চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ও বিনষ্ট করে ধ্বংস করা হয়।
কক্সবাজার সিজেএম আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে উদ্ধার ও মামলায় জব্দ করা এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৭৯ কোটি ৯০ লাখ ৫০ হাজার ১০০ টাকা।
ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ২৩ লাখ ২০ হাজার ৩৭৮টি ইয়াবা ট্যাবলেট, ৪৭৯ দশমিক ৫০ লিটার দেশীয় চোলাই মদ, ১ হাজার ৬৯১ ক্যান বিদেশি বিয়ার এবং ৯২ বোতল ফেনসিডিল।
সিজেএম আদালতের মাদক ধ্বংস কমিটির প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ সময় মাদক ধ্বংস কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, কমিটির সদস্য ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ এবং সদস্য ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া কোর্ট ইন্সপেক্টর শাহ আলমসহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ পুলিশের সদস্যরা মাদক ধ্বংসের সার্বিক প্রক্রিয়ায় সহযোগিতা করেন।
BanglaDock