কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ক্যাম্প-১ ওয়েস্টের সি-৯ ব্লকে এ অভিযান চালানো হয়।
১৪ এপিবিএন সূত্রে জানা গেছে, লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান চালানোর সময় মোহাম্মদ আলমের চায়ের দোকানের সামনে কয়েকজনের সন্দেহজনক চলাফেরা দেখতে পান। এ সময় সৈয়দুল করিম (১৯) নামের এক যুবককে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান।
আটক সৈয়দুল করিম উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের ডি-৮ ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
BanglaDock