কক্সবাজারের চকরিয়ায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রশিদ আহমদ (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) দুপুরে চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহছেনিয়াকাটা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রশিদ আহমদ পহরচাঁদা দক্ষিণ পাড়ার মৃত সুলতান আহমদের ছেলে।
বরইতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন বাবর জানান, সকালে মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রশিদ আহমদ। এ সময় তিনি রেললাইন ঘেঁষে হাঁটছিলেন। শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় পেছন থেকে দ্রুতগতিতে আসা ট্রেনের হুইসেল শুনতে পাননি তিনি। পরে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
BanglaDock