কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে সীমান্ত নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় স্রোতে ভেসে যাওয়া আরও দুজনকে জীবিত উদ্ধার করেছেন লাইফগার্ড ও বিচকর্মীরা।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মধ্যবর্তী গ্রিন নেচার হোটেলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ সীমান্ত কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকার বাসিন্দা। তিনি গত বুধবার বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে কলাতলী এলাকার একটি হোটেলে উঠেছিলেন।
শুক্রবার বিকেলে তিন বন্ধু সৈকতে গোসলে নামেন। একপর্যায়ে স্রোতের টানে তিনজনই ভেসে যেতে থাকলে লাইফগার্ড ও বিচকর্মীরা দ্রুত সেখানে গিয়ে দুজনকে জীবিত উদ্ধার করেন। তবে সীমান্তকে উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি সাগরের পানিতে তলিয়ে যান।
বিচকর্মীদের সুপারভাইজার মাহবুবুল আলম জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে সাগরের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।
BanglaDock