পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দুরেফিশান সেলিমকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন প্রেমের গুঞ্জন। এতদিন অভিনেতা বিলাল আব্বাস খান-এর সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা চললেও এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নতুন দাবি। সেখানে বলা হচ্ছে, বিতর্কিত পাকিস্তানি ইউটিউবার ও টিকটকার রাজাব বাট-এর সঙ্গে সম্পর্কে রয়েছেন দুরেফিশান, এমনকি তারা নাকি বিয়ের পরিকল্পনাও করছেন।
দ্য ডেইলি সিয়াসাত থেকে জানা যায়, সম্প্রতি ইনস্টাগ্রামের কয়েকটি পোস্টে দাবি করা হয়, দুরেফিশান ও রাজাব বাট গোপনে সম্পর্কে জড়িয়েছেন। এসব পোস্ট দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে এই গুঞ্জনের মধ্যেই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দুরেফিশানের মেকআপ আর্টিস্ট ইয়াশওয়া আনজুম। একটি ভাইরাল পোস্টে মন্তব্য করে তিনি লেখেন, এটা দেখার ও শোনার আগে যদি আমি অন্ধ ও বধির হয়ে যেতাম। আমি এটা সহ্য করতে পারছি না। এটাই সবচেয়ে বাজে খবর। আর এই মানুষটিকে বিয়ে? কখনোই না, কোনোভাবেই না।
ইয়াশওয়ার এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক ভক্তের মতে, তার বক্তব্যই ইঙ্গিত দিচ্ছে যে দুরেফিশান ও রাজাব বাটের বিয়ের গুঞ্জনের কোনো সত্যতা নেই, এটি কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিত্তিহীন আলোচনা। এদিকে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুরেফিশান সেলিম কিংবা রাজাব বাট কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
প্রসঙ্গত, ২০২০ সালে দিল রুবা নাটক দিয়ে অভিনয়জগতে অভিষেক হয় দুরেফিশান সেলিমের। পরে একের পর জনপ্রিয় নাটকে অভিনয় করে ব্যাপক পরিচিতি অর্জন করেন তিনি। অন্যদিকে, রাজাব বাট পাকিস্তানের অন্যতম জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট নির্মাতা। পারিবারিক ভ্লগ ও লাইফস্টাইলভিত্তিক কনটেন্টের জন্য পরিচিত এই ইউটিউবার নিজস্ব একটি বিলাসবহুল পারফিউম ব্র্যান্ডও চালু করেছেন।
BanglaDock