`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

নেপালে ভূমিকম্প-পরবর্তী আকস্মিক বন্যায় নিহত ৩১, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৪০০

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
নেপালে ভূমিকম্প-পরবর্তী আকস্মিক বন্যায় নিহত ৩১, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৪০০ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নেপালে ভূমিকম্প ও তুষারধসের পর আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় শতাধিক বিদেশি পর্যটকসহ প্রায় ৪০০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির পর্যটন বোর্ড। নিখোঁজদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক।


বুধবার (২৬ আগস্ট) ভোরে চীন সীমান্তবর্তী রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় কয়েকটি গ্রাম প্লাবিত হয়। এতে সড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।


নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল পার্লামেন্টে জানিয়েছেন, হিমালয়সংলগ্ন চীন-নেপাল সীমান্ত এলাকায় সকালে ভূমিকম্প অনুভূত হওয়ার পর তুষারধস হয়। এরপর সেখান থেকে আকস্মিক বন্যার সৃষ্টি হয়।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে তিব্বত অঞ্চলে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় চীনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে নেপাল।


নিখোঁজদের মধ্যে ২৬ জন পুলিশ সদস্য, ৯ জন সশস্ত্র পুলিশ সদস্য এবং ৪৪ জন সামরিক সদস্য রয়েছেন বলেও জানিয়েছেন শিশির খানাল।


এদিকে কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জলবায়ু গবেষক রিজন ভক্ত কায়স্থের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, তুষারধসের কারণে লহেন্দে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়ে ভোতেকোশি নদীতে আকস্মিক বন্যা সৃষ্টি হয়ে থাকতে পারে। একই সময় ভূমিকম্পও অনুভূত হয়েছে।


নেপাল পুলিশ ও এএফপির প্রকাশিত ছবিতে বন্যার ভয়াবহতা ফুটে উঠেছে। প্রবল স্রোতে বাড়িঘর ভেসে যেতে দেখা গেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত সদস্য পাঠিয়েছে নেপালের সেনাবাহিনী।


বন্যায় জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ প্রায় ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি মহাসড়কও বন্ধ হয়ে গেছে।


নেপালের পাশাপাশি প্রতিবেশী তিব্বতেও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া গেছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, নেপালের অংশে বন্যার কারণে তিব্বতের গিরং বন্দরে বহু মানুষ নিখোঁজ হয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সর্বাত্মক উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে সিনহুয়া। তবে তিব্বতে নিহত বা আহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে ৩৪ পদে চাকরি

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে ৩৪ পদে চাকরি