কক্সবাজারে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৪০ হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (৩ নভেম্বর) উখিয়া ও কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম এ তথ্য জানান।
ডিএনসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৬টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কের দক্ষিণ পাশে অভিযান চালায় টেকনাফ বিশেষ জোনের একটি দল। এ সময় ৩০ হাজার ইয়াবা বড়ি ও দুটি মুঠোফোনসহ সাকিমং তংচঙ্গ্যা (২৪) ও রিশান্ত তংচঙ্গ্যা (২৫) নামের দুজনকে আটক করা হয়। তাঁদের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশপারী এলাকায়।
অন্যদিকে, একই দিন দুপুর ১টা ৫০ মিনিটে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের গোলচত্বরের উত্তর পাশে মেসার্স এমএস এন্টারপ্রাইজ নামের একটি দোকানের সামনে অভিযান চালায় ডিএনসির কক্সবাজার জেলা কার্যালয়ের একটি দল। এ সময় ১০ হাজার ইয়াবা বড়িসহ মো. আলমগীর (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি কক্সবাজার পৌরসভার ফল্যাইন্নাকাটা এলাকায়।
ডিএনসি জানায়, আলমগীরের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার ওজন ৯৭০ গ্রাম। এ সময় তাঁর কাছ থেকে একটি বাটন মুঠোফোনও জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
BanglaDock