সহিংসতা, ঘনিষ্ঠ দৃশ্য এবং নারী চরিত্রের উপস্থাপনা নিয়ে তুমুল সমালোচনা ও ট্রোলের মুখে পড়লেও বক্স অফিসে দাপট দেখিয়ে চলেছে কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। মুক্তির চার দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় ২৫৪ কোটি রুপি ছাড়িয়েছে।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, চার দিনে ভারতের বাজারে সিনেমাটির নিট আয় দাঁড়িয়েছে ১৯০ দশমিক ৪৫ কোটি রুপি। একই সময়ে দেশটিতে ছবিটির মোট গ্রস আয় হয়েছে ২২৭ দশমিক ৫০ কোটি রুপি।
চতুর্থ দিন শনিবার ভারতে ১৭ হাজার ৬১২টি প্রদর্শনী থেকে সিনেমাটি প্রায় ২৪ দশমিক ৫০ কোটি রুপি নিট আয় করে। আগের দিন শুক্রবার আয় ছিল ২৭ দশমিক ২০ কোটি রুপি। ফলে এক দিনের ব্যবধানে আয় কমেছে প্রায় ৯ দশমিক ৯ শতাংশ।
অন্যদিকে আন্তর্জাতিক বাজারে চতুর্থ দিনে আরও প্রায় ৪ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। সব মিলিয়ে বিদেশের বাজারে চার দিনে এর আয় দাঁড়িয়েছে ২৭ দশমিক ২৫ কোটি রুপি। ভারতের গ্রস ও আন্তর্জাতিক আয়ের হিসাব মিলিয়ে বিশ্বব্যাপী ‘টক্সিক’র মোট গ্রস সংগ্রহ এখন ২৫৪ দশমিক ৭৫ কোটি রুপি।
গত ২৬ আগস্ট কন্নড়, হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালম ও ইংরেজি ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। গীতু মোহনদাস পরিচালিত ছবিটিতে ইয়াশের সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া।
মুক্তির আগে থেকেই আলোচনায় থাকা সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার পর নতুন করে বিতর্কের মুখে পড়ে। অন-স্ক্রিন ঘনিষ্ঠ দৃশ্য এবং নারী চরিত্রের উপস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ব্যাপক সমালোচনার শিকার হচ্ছে।
বিশেষ করে ইয়াশ ও কিয়ারা আদভানির রোমান্টিক গান ‘তাবাহি’র ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একটি দৃশ্যকে কেন্দ্র করে অভিনেত্রী রুক্মিণী বসন্তও ট্রোলের মুখে পড়েছেন।
তবে তুমুল সমালোচনা ও বিতর্কের মধ্যেও বক্স অফিসে ‘টক্সিক’র শক্তিশালী অবস্থান বজায় রয়েছে। চার দিনের আয়ের হিসাবেই সিনেমাটি বিশ্বব্যাপী ২৫৪ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে।
BanglaDock