কক্সবাজারে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৪ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ‘পালং স্পেশাল সার্ভিস’ নামের বাসটিও জব্দ করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লিংক রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন বাসচালক আকতার হোসেন (২৩) ও হেলপার ইয়াছিন আরাফাত (১৩)। আকতার হোসেন রামুর খুনিয়াপালং এলাকার বাসিন্দা এবং ইয়াছিন আরাফাত উখিয়ার টিএনটি কলেজ এলাকার আমগাছতলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, উখিয়া থেকে কক্সবাজার সদরের উদ্দেশে আসা ‘পালং স্পেশাল সার্ভিস’-এর একটি বাসে তল্লাশি চালানো হয়। পরে চালক ও হেলপারের দেওয়া তথ্যের ভিত্তিতে বাসটির পেছনের সিটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানের সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ তালিকাভুক্ত করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আটক দুইজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
BanglaDock