কক্সবাজারের উখিয়ায় অপহরণের চার দিন পর মো. জসিম (১৫) নামে এক কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামাল হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজমপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে জসিমকে উদ্ধার করা হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর দক্ষিণ লেঙ্গুর বিল এলাকা থেকে জসিম নিখোঁজ হয়। দুই দিন পর ২৭ সেপ্টেম্বর অজ্ঞাত একটি মুঠোফোন নম্বর থেকে জসিমের বাবার ব্যবহৃত ইমো নম্বরে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে জসিমকে হত্যার হুমকি দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ।
এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর টেকনাফ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে কিশোরকে উদ্ধারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে হাজমপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জসিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই অভিযানে জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার বশির আহমদের ছেলে।
অভিযানকালে জামাল হোসেনের কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।
পরে গ্রেপ্তার জামাল হোসেন ও উদ্ধার হওয়া কিশোর জসিমকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
BanglaDock