কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার সুমন ইসলামকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে, রিসোর্টের মালিক নিয়াজ মোরশেদ ও তানভীর ঘটনার পর থেকে লাপাত্তা রয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। এ ঘটনায় অন্তত ১০ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের পর রিসোর্টটির নিরাপত্তাব্যবস্থা, অগ্নিনিরাপত্তা সরঞ্জাম এবং আগুন লাগার কারণ নিয়ে প্রশ্ন উঠেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, ম্যানেজার সুমন ইসলামকে থানায় নেওয়া হচ্ছে। তাঁকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে অংশ নেন।
BanglaDock