কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ আরসার এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শনিবার রাত ১২টা ২০ মিনিটের দিকে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মরাগাছতলা এলাকায় মাল্টিপারপাস কমিউনিটি অ্যান্ড সার্ভিস সেন্টারের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র্যাব-১৫-এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল।
এ সময় সন্দেহভাজন মোহাম্মদ জহিরকে (১৯) আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জহির উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ময়নারঘোনা এলাকার ব্লক-২-এর বাসিন্দা। তিনি রশিদ আহম্মদের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পের অভ্যন্তরে অস্ত্র বহন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় জহিরের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
BanglaDock