কক্সবাজারের চকরিয়ায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে চকরিয়া থানাধীন মেদাকচ্ছপিয়া যাত্রী ছাউনি এলাকায় অভিযান চালিয়ে ফরিদুল আলম ওরফে বাদশা (৫৮) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বান্দরবান জেলার স্পেশাল ট্রাইব্যুনালে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামি চকরিয়ার মেদাকচ্ছপিয়া এলাকায় অবস্থান করছেন। পরে তথ্য যাচাই করে র্যাব-১৫-এর একটি আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান চালিয়ে ফরিদুল আলম ওরফে বাদশাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ফরিদুল আলম ওরফে বাদশার বাবার নাম মৃত গুরা মিয়া। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ইসলামপুর গ্রামের বাসিন্দা।
র্যাবের দেওয়া মামলার বিবরণ অনুযায়ী, ২০০২ সালে বান্দরবানের লামা থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। ১৮৭৮ সালের অস্ত্র আইনে দায়ের করা ওই মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
র্যাব জানায়, সাজা ঘোষণার পর থেকেই গ্রেপ্তার এড়াতে ফরিদুল আলম দীর্ঘদিন ধরে ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজারের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।
অপরাধ দমন এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
BanglaDock