`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মেনোপজের কারণে কি মধ্যবয়সী নারীদের দীর্ঘস্থায়ী ব্যথা হয়

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং
মেনোপজের কারণে কি মধ্যবয়সী নারীদের দীর্ঘস্থায়ী ব্যথা হয় ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মেনোপজ নারীর জীবনের স্বাভাবিক ও অবশ্যম্ভাবী একটি অধ্যায়। সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে হরমোনের নিঃসরণ কমে যাওয়ায় নারীদের নিয়মিত মাসিক বন্ধ হয়ে যায়। তবে এই পরিবর্তন শুধু প্রজননক্ষমতার সমাপ্তি নয়, নারীর সামগ্রিক স্বাস্থ্যের ওপরও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।


২০২৬ সালের বিশ্ব মেনোপজ দিবসের প্রতিপাদ্য ছিল ‘মধ্যবয়সে দীর্ঘস্থায়ী ব্যথা বা ক্রনিক পেইন’। ১৮ অক্টোবর পালিত হয় দিবসটি। এ উপলক্ষে মধ্যবয়সী নারীদের জয়েন্ট ও পেশিতে ব্যথা, পেশি শক্ত হয়ে যাওয়া এবং পেশির ক্ষয়ের সঙ্গে মেনোপজের সম্পর্ক নিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।


বিশেষজ্ঞদের মতে, মেনোপজের সময় ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যাওয়ায় অনেক নারী হাড়ের ক্ষয় বা অস্টিওপোরোসিস, গাঁটে ব্যথা এবং মাইগ্রেনের মতো সমস্যায় ভুগতে পারেন। এসব শারীরিক সমস্যা দৈনন্দিন জীবন ও কর্মক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলে।


সামাজিক সংকোচ ও সচেতনতার অভাবে অনেক নারী এসব ব্যথা ও মানসিক চাপকে বয়সজনিত সমস্যা ভেবে সহ্য করেন। অথচ সচেতনতা, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাত্রায় পরিবর্তন এনে এসব সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিও বিবেচনা করা যেতে পারে।


মেনোপজের সময় কিছু লক্ষণকে স্বাভাবিক পরিবর্তন ভেবে অবহেলা করা বিপজ্জনক হতে পারে। টানা ১২ মাস মাসিক বন্ধ থাকার পর যোনিপথে সামান্য রক্তপাত, রক্তমিশ্রিত স্রাব বা বাদামি স্রাব দেখা দিলে দ্রুত স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। অতিরিক্ত বা দীর্ঘস্থায়ী রক্তপাত, তীব্র তলপেটের ব্যথা কিংবা অকারণে ওজন কমে যাওয়ার বিষয়েও সতর্ক থাকতে হবে।


এ ছাড়া বুকে ব্যথা, হঠাৎ শ্বাসকষ্ট, মুখ বেঁকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া কিংবা শরীরের এক পাশ দুর্বল হয়ে পড়লে জরুরি চিকিৎসা নিতে হবে। এসব লক্ষণকে মেনোপজের উপসর্গ মনে করে অপেক্ষা করা উচিত নয়।


দীর্ঘস্থায়ী বিষণ্নতা, অসহনীয় উদ্বেগ কিংবা নিজের ক্ষতি করার চিন্তা দেখা দিলেও দ্রুত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নেওয়া প্রয়োজন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন