কক্সবাজারের ঈদগাঁওয়ে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। শুক্রবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেহেরঘোনা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের শীলবনিয়া পাড়ার বাসিন্দা নজির আহাম্মেদ (৪৪) এবং বরিশালের আগৈলঝাড়ার বাসিন্দা, বর্তমানে ঢাকার খিলক্ষেতে বসবাসকারী রিয়াজুল বখতিয়ার (৪৮)।
র্যাব জানায়, চট্টগ্রাম থেকে একটি প্রাইভেটকারে করে মাদকের বড় চালান কক্সবাজারে আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরঘোনা এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। সন্দেহভাজন সাদা সেডান কারটি থামিয়ে জিজ্ঞাসাবাদের সময় চালক ও যাত্রীর বক্তব্যে অসংগতি পাওয়া যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি ট্রলি ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, আটক নজির আহাম্মেদ একজন চিহ্নিত ও অভ্যাসগত মাদক কারবারি। তার বিরুদ্ধে ঢাকার বংশাল, চট্টগ্রামের কোতোয়ালী ও বায়েজিদ বোস্তামী, ফেনী সদর এবং কক্সবাজারের টেকনাফ থানাসহ বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিদেশি নাগরিক আইন-সংক্রান্ত মোট ছয়টি মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে ট্রলি ব্যাগে সাধারণ যাত্রীর ছদ্মবেশে মাদক পরিবহন করা হচ্ছিল।
উদ্ধার করা গাঁজা, প্রাইভেটকার এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
BanglaDock