রাজধানীর ভাটারা এলাকায় অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে। এ মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, রিধিকার মা বাদী হয়ে শনিবার মামলাটি করেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে হাসিবুর রহমানকে। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার ভোরে ভাটারা এলাকার একটি বাসা থেকে রিধিকার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে তিনি প্রেমিক হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কলে ছিলেন। ওই সময় তাদের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরে রিধিকাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও এর পেছনের পরিস্থিতি জানতে তদন্ত চলছে।
মডেলিংয়ের পাশাপাশি কয়েকটি নাটকেও অভিনয় করেছেন রিধিকা রিধি। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।
BanglaDock