কক্সবাজারে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক ছয় চীনা নাগরিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাতে কলাতলী এলাকার হোটেল সি-প্যালেস থেকে তাদের আটক করে পুলিশ। শুক্রবার আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযানে তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি পুরনো মডেলের আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপ এবং বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে ৫০টি মনিটর, ৪৪টি সিপিও, ৩০টি কিবোর্ড, দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, ৪০টি মাউস, একটি আইপিএস ও ২৪টি কানেকশন বোর্ড।
এ ছাড়া চীনের পুলিশের র্যাঙ্ক ব্যাজ, জাতীয় পতাকা এবং পুলিশ লোগোযুক্ত একটি টাইও উদ্ধার করা হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে হোটেল সি-প্যালেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, কক্সবাজারের সাগরপাড়, রামু ও উখিয়ার কয়েকটি রিসোর্টে অবস্থান করে সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইনভিত্তিক আর্থিক প্রতারণা চালিয়ে আসছিল। চক্রটির আস্তানা হিসেবে ব্যবহৃত একটি হোটেলের ছয়টি সাউন্ডপ্রুফ কক্ষের সন্ধানও পেয়েছে পুলিশ।
এ ঘটনায় ছয় চীনা ও তাইওয়ানিজ নাগরিককে গ্রেপ্তার দেখিয়ে রামু থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২১, ২২, ২৪ ও ২৭ ধারায় মামলা করা হয়েছে। মামলায় আরও চারজনকে পলাতক এবং ২৫০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানিজ নাগরিককে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানিজ নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভের দুটি হোটেল ভাড়া নিয়ে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন। এ ঘটনায় আরও বিদেশি নাগরিক জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
হোটেল সি-প্যালেস কর্তৃপক্ষ জানায়, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় তাদের কয়েকজনকে আটক করা হয়। অভিযানের সময় রিসোর্টের একটি হলরুম থেকে আইফোনসহ এসব ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।
BanglaDock