পুলিশ সদস্যদের আরও সক্রিয় ও জবাবদিহিমূলকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ৩১ ডিসেম্বরের আগেই পুলিশ বাহিনীতে দৃশ্যমান পরিবর্তন আনতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভালো কাজ ও প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। অন্যদিকে দায়িত্বে ব্যর্থতা, শৃঙ্খলাভঙ্গ বা অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি প্রচলিত ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদস্যদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিললে শুধু বিভাগীয় শাস্তির মধ্যে ব্যবস্থা সীমাবদ্ধ থাকবে না বলেও জানান তিনি।
পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার ও অপব্যবহারের অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, অনেক পুলিশ সদস্যকে অবৈধ নির্দেশ পালনেও বাধ্য করা হয়েছিল। এখন তাদের নিজেদের সংশোধন করে নতুনভাবে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণ রাজা-বাদশাহ নয়, জনগণের পুলিশ দেখতে চায়। কোনো সিনিয়র কর্মকর্তা এমন কর্মকাণ্ড করবেন না, যা জনগণের কাছে অস্বাভাবিক বা অগণতান্ত্রিক মনে হয়। অধস্তন সদস্যদের ক্ষেত্রেও সমাজে অশান্তি বা অস্বস্তি তৈরি করে এমন কর্মকাণ্ডে অনুমতি বা আশ্রয় দেওয়া যাবে না।
সৎভাবে দায়িত্ব পালনের চেষ্টা করলে ভুলত্রুটি সংশোধনের সুযোগ দেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তবে প্রত্যাশা পূরণে ব্যর্থতা কিংবা অপরাধ সংঘটিত হলে তার পরিণতি ভালো হবে না। তিনি বলেন, ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের আগেই পুলিশ বাহিনীতে পরিবর্তন দৃশ্যমান করতে হবে।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হওয়া পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বাহিনীর জনবল, সরঞ্জাম ও লজিস্টিক সুবিধা বাড়ানোর কথাও জানান।
পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পদকপ্রাপ্তি শুধু কৃতিত্বের স্বীকৃতি নয়, বরং দেশের ও জনগণের প্রতি দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। তিনি আরও বলেন, পুলিশের সবচেয়ে বড় শক্তি মানুষের আস্থা অর্জন করা। জনগণের আস্থা ছাড়া কোনো আইন প্রয়োগকারী সংস্থা দীর্ঘমেয়াদে কার্যকর ভূমিকা রাখতে পারে না।
অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খন্দকার রফিকুল ইসলাম। অনুষ্ঠানে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
BanglaDock