প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর জানিয়েছেন, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং আগামী সপ্তাহেই দেশটির একদল বিনিয়োগকারী বাংলাদেশ সফর করবেন।
শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি বলেন, বৈঠকটি ফলপ্রসূ হয়েছে এবং বাংলাদেশ সফরের পর মার্কিন বিনিয়োগকারীরা সম্ভাব্য বিনিয়োগ খাতগুলো নিয়ে আলোচনা করবেন।
সার্জিও গোর জানান, সফরকারী বিনিয়োগকারীরা বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করবেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে।
এর আগে শুক্রবার তিনি কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। সেখানে ক্যাম্পগুলোর সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার বিভিন্ন দিক সম্পর্কে অবগত হন।
সফরকালে তিনি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত। তাঁর এ সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান সংলাপের অংশ হিসেবে দেখা হচ্ছে।
BanglaDock