কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের কেরণরছড়ি ছড়ার ওপর নির্মিত একটি কালভার্ট ভেঙে গাছের সরু খুঁটি ও ডালপালার ওপর ভর করে দাঁড়িয়ে আছে। এতে ওই এলাকার প্রায় চার হাজার মানুষের চলাচল ঝুঁকির মুখে পড়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, কালভার্টটির দুই পাশের সুরক্ষা দেয়াল ও মূল ভিত্তি ভেঙে পড়েছে। নিচের মাটি সরে যাওয়ায় ইটের কাঠামো ধসে গেছে। কালভার্টের ঢালাই করা স্ল্যাবটি কয়েকটি কাঁচা গাছের খুঁটির ওপর ঠেস দিয়ে রাখা হয়েছে। সংযোগস্থলে চলাচলের জন্য কাঠ ও গাছের ডাল বিছিয়ে অস্থায়ী সাঁকোর মতো ব্যবস্থা করা হয়েছে। এতে যেকোনো সময় কালভার্টটি পুরোপুরি ধসে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে কালভার্টের সংযোগ সড়কের মাটি সরে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে কেরণছড়ি ও আশপাশের এলাকার স্বাভাবিক যোগাযোগ ব্যাহত হচ্ছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় কৃষক, ব্যবসায়ী ও অটোরিকশাচালকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এ পরিস্থিতিতে আলহেরা মাদরাসা, টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়, টইটং উচ্চ বিদ্যালয় এবং বনকানন এশাতুল উলুম দাখিল মাদরাসার শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কায় অনেক অভিভাবক সন্তানদের বিদ্যালয়ে পাঠানো নিয়েও উদ্বিগ্ন। পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও ভোগান্তি হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য আবদুল খালেক জানান, বিষয়টি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বড় দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ কালভার্টটি অপসারণ করে দ্রুত স্থায়ী ও টেকসই নতুন কালভার্ট নির্মাণের দাবি জানান তিনি।
টইটং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার জয়নাল আবদীন বলেন, কেরণছড়ির কালভার্টটি স্থানীয় বাসিন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
BanglaDock