কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরে বিশেষ অভিযান চালিয়ে ৪২ কোটি টাকা মূল্যের ইয়াবা ও হেরোইন জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা তিনটি বস্তা সমুদ্রে ফেলে দ্রুত মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়।
পরে সমুদ্র থেকে বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সেন্টমার্টিনের নিরাপত্তা নিশ্চিত, চোরাচালান ও মাদক পাচার রোধ এবং মাদকের বিস্তার ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
BanglaDock