`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বৈরী আবহাওয়ায় মহেশখালী এলএনজি টার্মিনালে সরবরাহ ব্যাহত, বাড়ছে গ্যাস সংকট

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
বৈরী আবহাওয়ায় মহেশখালী এলএনজি টার্মিনালে সরবরাহ ব্যাহত, বাড়ছে গ্যাস সংকট ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালী এলএনজি টার্মিনালে জাহাজ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খালাস ব্যাহত হওয়ায় দেশে আবারও গ্যাস সংকট তীব্র হয়েছে। একই সঙ্গে এক্সিলারেট এনার্জির ক্ষতিগ্রস্ত টার্মিনাল এখনও পূর্ণ সক্ষমতায় চালু না হওয়ায় সরবরাহ পরিস্থিতি আরও চাপে পড়েছে।


পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে এলএনজি বহনকারী জাহাজ টার্মিনালে ভেড়াতে পারছে না। এতে প্রতিদিন প্রায় ২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। আবহাওয়া অনুকূলে এলে আজ বুধবার থেকে সরবরাহ কিছুটা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।


গত ২১ জুলাই মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে অগ্নিকাণ্ডের পর প্রায় ১৭ দিন গ্যাস সরবরাহ বন্ধ ছিল। পরে টার্মিনালের একটি বয়লার চালু হওয়ায় দিনে গড়ে প্রায় ২৮ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়। তবে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত বয়লার এখনও মেরামতের কাজ চলমান রয়েছে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, দ্বিতীয় বয়লার চালুর আগে সেটি পরীক্ষার জন্য বর্তমানে চালু থাকা বয়লারটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। এ সময় অন্তত ১২ ঘণ্টার জন্য এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। এরপর ধীরে ধীরে সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।


মহেশখালীতে বর্তমানে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে। এক্সিলারেট এনার্জির টার্মিনালের দৈনিক সক্ষমতা ৬০ কোটি ঘনফুট এবং সামিটের টার্মিনালের সক্ষমতা ৫০ কোটি ঘনফুট। এক্সিলারেট টার্মিনাল বন্ধ হওয়ার পর সামিট কয়েক দিন সক্ষমতার বেশি গ্যাস সরবরাহ করলেও বর্তমানে বৈরী আবহাওয়ার কারণে সেখান থেকেও সরবরাহ কমে গেছে।


দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। স্বাভাবিক পরিস্থিতিতে প্রায় ২৭০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়, যার মধ্যে এলএনজি থেকে আসে প্রায় ১০৫ কোটি ঘনফুট। বর্তমানে মোট সরবরাহ ২২০ কোটি ঘনফুটের নিচে নেমে যাওয়ায় শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন, সিএনজি স্টেশন এবং গৃহস্থালি পর্যায়ে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।


গ্যাস বিতরণ সংস্থাগুলো বলছে, সরবরাহ ঘাটতির কারণে চাহিদা মেটাতে তারা হিমশিম খাচ্ছে। মহেশখালী টার্মিনালে এলএনজি খালাস স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্যাস সংকট পুরোপুরি কাটার সম্ভাবনা কম।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করতেই হেসে দিলেন মেসি

মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করতেই হেসে দিলেন মেসি