কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে একটি টমটম অটোরিকশার গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ইজিবাইক পুড়ে গেছে। আগুনে গ্যারেজটির পুরোপুরি ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকার বেশি বলে জানা গেছে।
সোমবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার হারবাং বাসস্টেশনসংলগ্ন সারফরাজ মার্কেটের নিচতলায় এ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গ্যারেজ মালিক আরমান উল্লাহ শিকদার জানান, মার্কেটের নিচতলায় দুটি কক্ষ নিয়ে গ্যারেজটি পরিচালনা করতেন তিনি। রাতে দ্বিতীয় কক্ষে থাকা অবস্থায় প্রথম কক্ষ থেকে বিকট শব্দ শুনে সেখানে গিয়ে আগুন দেখতে পান। অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে না পেরে তিনি বাইরে বেরিয়ে স্থানীয়দের ডাকেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
পরে স্থানীয় বাসিন্দারা সারফরাজ মার্কেটের ওপরের তলা ও পাশের হারবাং সিটি সেন্টারের ছাদ থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, স্থানীয়দের দ্রুত তৎপরতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে আশপাশের বাণিজ্যিক স্থাপনাগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে শর্টসার্কিটকে আগুনের কারণ মনে করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। গ্যারেজ মালিক ও ইজিবাইক চালকদের অনেকেই এই ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছেন।
BanglaDock