জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে ১২০টি প্রতীকের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ‘নৌকা’ প্রতীক রাখা হলেও সেটি স্থগিত করা হয়েছে। ফলে আসন্ন নির্বাচনে কোনো প্রার্থীর অনুকূলে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া যাবে না।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ইসি। সংশোধিত বিধিমালা অনুযায়ী, স্থগিত প্রতীক বাদ দিয়ে নির্ধারিত তালিকা থেকে প্রাপ্যতা অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের যেকোনো একটি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
নতুন তালিকায় আগের ১১৯টি প্রতীকের সঙ্গে ‘না’ প্রতীক যুক্ত হয়ে মোট ১২০টি প্রতীক রাখা হয়েছে। কোনো আসনে একক প্রার্থী থাকলে ভোটারদের মতামত জানানোর সুযোগ হিসেবে ব্যালটে ‘না ভোট’ রাখার বিধানও যুক্ত করা হয়েছে।
নির্ধারিত প্রতীকগুলোর মধ্যে রয়েছে আনারস, আপেল, আম, ঈগল, গরুর গাড়ি, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ট্রাক, বই, বাইসাইকেল, বাঘ, রকেট, রিকশা, লাঙল, একতারা, কবুতর, কম্পিউটার, কলম, কাঁচি, কাস্তে, কুড়াল, ঘোড়া, চশমা, চাকা, চাবি, চেয়ার, ছাতা, জাহাজ, টেলিভিশন, তালা, দাঁড়িপাল্লা, ধানের শীষ, নোঙ্গর, পালকি, প্রজাপতি, ফুটবল, মশাল, মাছ, মোটরসাইকেল, মোরগ, সিংহ, হাতি, হাতুড়ি, হারিকেন, হেলিকপ্টার ও হ্যান্ডশেকসহ বিভিন্ন প্রতীক।
এ ছাড়া নির্বাচনী ব্যয়ের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধানে প্রার্থীর নির্বাচনী ব্যয়ের জন্য নির্ধারিত ব্যাংক হিসাবের পাশাপাশি তাঁর নিয়োজিত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
প্রার্থীর তথ্যসংক্রান্ত বিধানেও পরিবর্তন এসেছে। আদালত কর্তৃক অভিযোগ গঠন করা ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে গণ্য করার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান ও নির্ভরশীল ব্যক্তিদের আয়কর রিটার্নসংক্রান্ত তথ্য দেওয়া ঐচ্ছিক করা হয়েছে।
BanglaDock