আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। আগামী গ্রীষ্মের আগেই দেশে ন্যূনতম তিন হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে বলে আশা করছেন তিনি।
শনিবার যশোর পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন এবং পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বাড়ছে। ফলে বাংলাদেশের মতো দেশে দীর্ঘ সময় মূল্য সমন্বয় না করে থাকা সম্ভব নয়। তবে সরকার জনগণের কথা বিবেচনা করে মূল্য সমন্বয়ের চেষ্টা করছে বলেও তিনি জানান।
তিনি বলেন, জ্বালানি ব্যবহারে সবার মধ্যে পরিমিতিবোধ তৈরি করতে হবে। একই সঙ্গে শিশুদেরও ছোটবেলা থেকে পরিমিত ব্যবহারের অভ্যাস শেখাতে হবে।
শিক্ষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ভিত শক্ত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ ও মানসম্মত স্যানিটেশন নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ রোধে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না বলেও আশ্বাস দেন তিনি। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় দায়িত্ব নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তার বা অরাজকতা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের ঘটনায় প্রথমে সাংগঠনিক এবং পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
BanglaDock