`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

তালাকের অজুহাতে স্ত্রী-সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
তালাকের অজুহাতে স্ত্রী-সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

আইন অনুযায়ী প্রমাণিত বা কার্যকর নয়—এমন তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ কিংবা দেনমোহরের ডিক্রি বাস্তবায়ন বন্ধ করা যাবে না বলে যুগান্তকারী রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, নাবালক সন্তানের ভরণপোষণ মা-বাবার পারিবারিক বিরোধের বিষয় নয়; এটি শিশুর স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার।


সম্প্রতি বিচারপতি আবদুর রহমানের একক বেঞ্চ এ রায় দেন। রায়ের অনুলিপি বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশ্যে আসে।


মামলার নথি অনুযায়ী, ২০১১ সালে বিবাহের পর স্ত্রী ও তাদের নাবালক কন্যার পক্ষে দেনমোহর ও ভরণপোষণের মামলা করা হয়। স্বামী আদালতে দাবি করেন, তিনি আগেই স্ত্রীকে তালাক দিয়েছেন। তবে ফ্যামিলি কোর্টে আইন অনুযায়ী সেই তালাক প্রমাণ করতে ব্যর্থ হন। ফলে আদালত স্ত্রী ও সন্তানের পক্ষে দেনমোহর ও ভরণপোষণের ডিক্রি দেন।


পরবর্তীতে স্বামী তালাক কার্যকর হয়েছে দাবি করে নতুন একটি ঘোষণামূলক মামলা দায়ের করেন এবং সেই মামলার অজুহাতে ভরণপোষণের ডিক্রির বাস্তবায়ন স্থগিতের আবেদন করেন। নিম্ন আদালত আবেদন খারিজ করলে বিষয়টি হাইকোর্টে গড়ায়।


রায়ে হাইকোর্ট বলেন, কেবল নতুন একটি মামলা দায়ের হয়েছে—এই কারণে পূর্বে দেওয়া চূড়ান্ত ডিক্রির বাস্তবায়ন বন্ধ করা যাবে না। কোনো সক্ষম আদালত ডিক্রি স্থগিত না করা পর্যন্ত তা কার্যকর থাকবে এবং এক্সিকিউশন কোর্ট তা বাস্তবায়ন করতে বাধ্য।


আদালত আরও বলেন, আইন অনুযায়ী প্রমাণিত নয় বা কার্যকর নয় এমন তালাকের কোনো আইনগত বৈধতা নেই। এ ধরনের তালাক বৈবাহিক সম্পর্কের অবসান ঘটায় না এবং দেনমোহর বা ভরণপোষণ আদায়ের পথে কোনো আইনি বাধা সৃষ্টি করতে পারে না।


রায়ে বলা হয়, বিবাহ, তালাক, দেনমোহর, ভরণপোষণ ও বৈবাহিক অধিকারসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির একমাত্র এখতিয়ার ফ্যামিলি কোর্টের। এক্সিকিউশন কোর্টের দায়িত্ব শুধু বিদ্যমান ডিক্রি বাস্তবায়ন করা; তারা নতুন করে তালাক বৈধ কি না বা বৈবাহিক সম্পর্ক বহাল আছে কি না—এসব বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে না।


নাবালক সন্তানের ভরণপোষণের বিষয়ে আদালত বলেন, এটি একটি স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার। মা-বাবার মধ্যে তালাক নিয়ে বিরোধ থাকলেও সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না। কোনো পিতা তালাক-সংক্রান্ত বিরোধের অজুহাতে সন্তানের ভরণপোষণের দায় এড়াতে পারেন না।


রায়ে আরও বলা হয়, যদি পূর্বে দাবি করা তালাক আইনগতভাবে অকার্যকর প্রমাণিত হয় এবং স্বামী বৈবাহিক সম্পর্কের অবসান ঘটাতে চান, তাহলে আইন অনুযায়ী নতুন করে তালাক দেওয়ার সুযোগ রয়েছে। তবে সেটি পূর্বে প্রদত্ত দেনমোহর ও ভরণপোষণের দায় থেকে তাকে অব্যাহতি দেবে না।


হাইকোর্ট রুল খারিজ করে নিম্ন আদালতের আদেশ বহাল রাখেন এবং স্বামীকে দেনমোহরের বকেয়া অর্থের পাশাপাশি স্ত্রী ও নাবালক সন্তানের সব বকেয়া ভরণপোষণ পরিশোধের নির্দেশ দেন।


আইনজীবীদের মতে, নারী ও শিশুর আইনগত অধিকার সুরক্ষা এবং আদালতের চূড়ান্ত রায়ের কার্যকারিতা নিশ্চিত করার ক্ষেত্রে এ রায় একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্ষতিগ্রস্তদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী, শিক

ক্ষতিগ্রস্তদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী, শিক