প্রেম-বিরহ কিংবা ত্রিকোণ প্রেমের গল্প পর্দায় নিয়মিত দেখা গেলেও বিয়ের পর একটি দম্পতির সম্পর্কের টানাপড়েন নিয়ে কাজ তুলনামূলকভাবে কম। এমন ভাবনা থেকেই নির্মাতা জাহিদ প্রীতম নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’।
সোমবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে চরকির অরিজিনাল এই ওয়েব ফিল্মের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিনেমাটির দুই প্রধান অভিনয়শিল্পী আরিফিন শুভ ও কেয়া পায়েলসহ নির্মাতা ও কলাকুশলীরা।
অনুষ্ঠানে কেয়া পায়েল বলেন, ‘হ্যাপিলি ম্যারিড’ তার প্রথম ওয়েব ফিল্ম। তাই কাজটি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। পরিচালক জাহিদ প্রীতমের সঙ্গে এর আগে নাটকে কাজ করার অভিজ্ঞতা থাকলেও এবার আরিফিন শুভর মতো সহঅভিনেতা এবং চরকির মতো প্ল্যাটফরম পাওয়ায় তিনি আরও আশাবাদী।
নিজের বিয়ে প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, বিয়ে অনেক বড় সিদ্ধান্ত। তবে বিয়ের ক্ষেত্রে তিনি ভাগ্যে বিশ্বাসী। তার মতে, পরিকল্পনা করলেই সবকিছু হয় না; শেষ পর্যন্ত ভাগ্যেরও একটি বিষয় থাকে। তাই বিয়ে নিয়ে সবাই অনেক চিন্তা-ভাবনা ও সময় নিলেও কখন কী হবে, তা সময়ই বলে দেবে।
ওয়েব ফিল্মের পাশাপাশি নাটকের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন কেয়া পায়েল। বিশেষ করে ঈদের নাটকের কাজ নিয়ে তার ব্যস্ততা চলছে। এর বাইরে নিজের পার্লারের ব্যবসাও সামলাচ্ছেন এই অভিনেত্রী।
BanglaDock