এইচএসসি পরীক্ষার ফলাফলে কক্সবাজার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা গেছে মিশ্র চিত্র। কোনো কোনো কলেজে পাসের হার ৭৫ শতাংশের বেশি হলেও কয়েকটি প্রতিষ্ঠানে তা নেমে এসেছে ৩০ শতাংশের নিচে। আবার কয়েকটি কলেজ থেকে এ বছর কোনো শিক্ষার্থীই জিপিএ-৫ অর্জন করতে পারেননি।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কক্সবাজার সরকারি কলেজে এ বছর পাসের হার ৭৭ দশমিক ৪৩ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে ৪৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
অন্যদিকে, উখিয়া সরকারি মহিলা কলেজে ৬১০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৭৩ জন। অকৃতকার্য হয়েছেন ৩৩৭ জন। কলেজটির পাসের হার ৪৪ দশমিক ৭৫ শতাংশ।
কক্সবাজার সিটি কলেজের ফলাফল আরও হতাশাজনক। এ প্রতিষ্ঠান থেকে ৯৩৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন মাত্র ২৪৭ জন। অকৃতকার্য হয়েছেন ৬৯০ জন। কলেজটির পাসের হার ২৬ দশমিক ৩৬ শতাংশ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেননি।
এদিকে, রামুর শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে পাসের হার ৭৫ দশমিক ৮৯ শতাংশ। তবে প্রতিষ্ঠানটি থেকেও এ বছর কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি।
ফলাফল পর্যালোচনায় দেখা যায়, কক্সবাজার সরকারি কলেজ ও শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে পাসের হার ৭৫ শতাংশের বেশি। বিপরীতে উখিয়া সরকারি মহিলা কলেজে পাসের হার ৪৫ শতাংশের নিচে এবং কক্সবাজার সিটি কলেজে তা ২৭ শতাংশেরও কম।
একই জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফলে এমন বড় ব্যবধান শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের প্রস্তুতি ও প্রতিষ্ঠানভিত্তিক শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে কক্সবাজার সিটি কলেজ ও উখিয়া সরকারি মহিলা কলেজের ফলাফল সংশ্লিষ্টদের ভাবিয়ে তুলেছে।
BanglaDock