`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় গ্যাসের সঙ্গে তেলের সম্ভাবনা, ১৫ দিন পর্যবেক্ষণে থাকবে পেট্রোবাংলা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
উখিয়ায় গ্যাসের সঙ্গে তেলের সম্ভাবনা, ১৫ দিন পর্যবেক্ষণে থাকবে পেট্রোবাংলা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ বসানোর সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের সঙ্গে জ্বালানি তেল বা অন্য কোনো হাইড্রোকার্বন উপজাত থাকার সম্ভাবনা দেখছেন পেট্রোবাংলা ও বাপেক্সের কর্মকর্তারা। প্রাথমিক পর্যবেক্ষণে সেখানে অগভীর গ্যাসের আধার থাকার ধারণা পাওয়া গেছে। তবে গ্যাসের উৎস, পরিমাণ ও নির্গমনের প্রকৃত কারণ নিশ্চিত হতে আরও ১৫ দিন পর্যবেক্ষণ করা হবে।


শুক্রবার রাতে উখিয়ার ছোট ইনানীতে মোস্তফা সিকদারের বাড়ির উঠানে গ্যাস থেকে জ্বলতে থাকা আগুনের শিখা পর্যবেক্ষণ শেষে কর্মকর্তারা এ ধারণার কথা জানান। গত ২৭ অক্টোবর সকালে ওই স্থানে নলকূপ বসানোর জন্য খননকাজের সময় ভূগর্ভ থেকে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে সেই গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে সেখানে আগুন জ্বলছে।


পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) মোহাম্মদ শোয়েব জানান, বিষয়টি নিয়ে ২৯ অক্টোবর পেট্রোবাংলায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা এবং কয়েকজন অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপকের অংশগ্রহণে বৈঠক হয়। বিভিন্ন পর্যবেক্ষণের ভিত্তিতে বৈঠকে প্রাথমিক ধারণা তুলে ধরা হয়। তাঁদের ধারণা, নির্গত গ্যাসটি বায়োজেনিক উৎসের না হয়ে থার্মোজেনিক প্রকৃতির হতে পারে।


ঘটনাস্থল পরিদর্শন শেষে মোহাম্মদ শোয়েব বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে সেখানে অগভীর গ্যাসের আধার থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাংলাদেশে সাধারণত ভূগর্ভের দেড় থেকে পাঁচ কিলোমিটার গভীরে গ্যাস পাওয়া যায়। তবে ইনানীতে গ্যাসের উৎস, প্রকৃত পরিমাণ কিংবা উৎসস্থলে কোনো ছিদ্র বা লিকেজ রয়েছে কি না, তা নিশ্চিত হতে ১৫ দিন পর্যবেক্ষণ প্রয়োজন।


এই সময় আগুনের শিখার উচ্চতা এবং গ্যাস নির্গমনের ধরন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ১৫ দিন পরও যদি আগুনের শিখার উচ্চতা বাড়ে বা অপরিবর্তিত থাকে, তাহলে গ্যাসের প্রবাহ বন্ধ করতে প্রাথমিকভাবে ‘রিলিফ ওয়েল’ বা সহায়ক কূপ খননের বিষয়টি বিবেচনা করা হবে। আন্তর্জাতিকভাবে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় এই প্রযুক্তি ব্যবহার করা হয়। তবে পর্যবেক্ষণের সময় গ্যাসের প্রবাহ কমে গেলে বা বন্ধ হয়ে গেলে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


কর্মকর্তারা জানিয়েছেন, আশপাশের কয়েকটি এলাকাতেও গ্যাস জ্বলতে দেখা গেছে। ভূতাত্ত্বিক গঠনের পরিবর্তনের কারণে এ ধরনের গ্যাস নির্গমন হয়ে থাকতে পারে। ওই এলাকায় গ্যাসের মজুদের সম্ভাবনা যাচাই করতে পরবর্তী সময়ে থ্রিডি জরিপ চালাবে বাপেক্স। জরিপে অর্থনৈতিকভাবে লাভজনক মজুদের ইঙ্গিত পাওয়া গেলে নতুন কূপ খননের বিষয়টি বিবেচনা করা হবে।


বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক শামসিয়া মুক্তাদির বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বাপেক্সের অভিজ্ঞতা ও সক্ষমতা রয়েছে। নিজস্ব সম্পদ ব্যবহার করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব। তবে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আশঙ্কা থাকায় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।


এদিকে, বাড়ির উঠানে টানা কয়েক দিন ধরে গ্যাস জ্বলতে থাকায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার পর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের মজুদের সম্ভাবনা দেখা দেওয়ায় বাপেক্সের একটি কারিগরি দলও ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় সুপারিশ দেয়।


আগুন নিয়ন্ত্রণে না আসায় জননিরাপত্তা নিশ্চিত করতে গত বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জরুরি বৈঠক হয়। বৈঠকে আগুনের উৎসের চারপাশের এলাকাকে বিভিন্ন নিরাপত্তা অঞ্চলে ভাগ করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।


এরপর উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তারের সই করা আদেশে ঘটনাস্থলের ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।


আদেশে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আগুন জ্বালানো, ধূমপান, দেশলাই বা লাইটার ব্যবহার এবং স্ফুলিঙ্গ সৃষ্টি হতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।


নিষেধাজ্ঞা বাস্তবায়নে এলাকায় মাইকিং করা হচ্ছে। ঘটনাস্থলের চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে এবং টাঙানো হয়েছে লাল নিশান। তবে এসব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরও ঘটনাস্থলের কাছে উৎসুক মানুষের জটলা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। টানা কয়েক দিন ধরে গ্যাস জ্বলতে থাকায় ইনানীর ছোট খাল এলাকার বাসিন্দাদের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা ও উদ্বেগ বাড়ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এবার সয়াবিন তেলেও মিলল বিপুল মাইক্রোপ্লাস্টিক

এবার সয়াবিন তেলেও মিলল বিপুল মাইক্রোপ্লাস্টিক