দেশের সিটি করপোরেশনের তালিকায় অগ্রাধিকার ভিত্তিতে যুক্ত হতে যাচ্ছে কক্সবাজার। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রায় ১৫৭ বছরের পুরোনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তথ্য উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
ব্রিফিংয়ে তিনি আরও বলেন, দায়িত্বে থাকা অবস্থায় রাষ্ট্রপতি আইনের মুখোমুখি হবেন না। তবে দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব শেষ হওয়ার পর যদি কোনো অভিযোগ থাকে, সেক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে।
এ সময় তিনি ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন।
জুলাই অভ্যুত্থানে স্নাইপার ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, স্নাইপার দিয়ে ৭.৬২ মিলিমিটার বুলেট ব্যবহারের অভিযোগ সঠিক নয়। তার দাবি, ওই ঘটনায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে পুলিশই।
BanglaDock