প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে তিনি জাদুঘরটির উদ্বোধন করেন।
উদ্বোধনের দিন জাদুঘরটি বিশেষ অতিথি ও শহিদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শন করেন। সেখানে জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট আলোকচিত্র, দলিল, নিদর্শন ও স্মারক প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, জাদুঘরটি জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতি সংরক্ষণ, সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শহিদ ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ স্মরণে প্রতিষ্ঠিত হয়েছে। কোনো অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করা হবে বলেও তিনি জানান।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ৬ আগস্ট থেকে জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত থাকবে। শিশুদের প্রবেশ মূল্য ২৫ টাকা এবং প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও গণমানুষের অংশগ্রহণ নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
BanglaDock