কক্সবাজারের উখিয়ায় ইয়াবা পাচারের অভিযোগে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি দেশীয় অস্ত্র (দা) এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির বিশেষ টহল দল এ অভিযান চালায়। উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী নলবুনিয়া জামে মসজিদের দক্ষিণ পাশে টহল দেওয়ার সময় মিয়ানমার দিক থেকে দুই থেকে তিনজন ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দলের সন্দেহ হয়। তাদের চ্যালেঞ্জ করা হলে অন্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আব্দুল্লাহ (২৩) নামের একজনকে আটক করা হয়। তিনি উখিয়া উপজেলার নলবুনিয়া গ্রামের নুরুল আমিনের ছেলে।
পরে তাঁর হাতে থাকা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো ১২০ পিস ইয়াবা, দুটি দেশীয় দা এবং চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ইয়াবাগুলো মিয়ানমার সীমান্ত থেকে কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানিয়েছেন।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে দায়িত্ব পালন করছে।
BanglaDock