ভারতের দক্ষিণী চলচ্চিত্রের তারকা রাশমিকা মান্দানা ৪০০টি সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তাঁর আসন্ন সিনেমা ‘রানাবালি’তে অভিনয়ের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে এ উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে রাশমিকার প্রতিনিধিদলকে অসচ্ছল পরিবারগুলোর কাছে চাল, ডাল, আটা ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে দেখা যায়।
রাশমিকা জানিয়েছেন, প্রাথমিকভাবে ৪০০টি পরিবারের তিন মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দায়িত্ব নিয়েছেন তিনি। তাঁর পরিকল্পনা অনুযায়ী, আগামী এক বছর প্রতি তিন মাস অন্তর নতুন করে ৪০০টি অসচ্ছল পরিবারকে সহায়তা দেওয়া হবে।
অভিনেত্রীর আশা, খাদ্য কেনার খরচ সাশ্রয় হওয়ায় পরিবারগুলো সেই অর্থ সন্তানদের শিক্ষা কিংবা স্বাবলম্বী হওয়ার কাজে ব্যয় করতে পারবে।
সাধারণত ব্যক্তিগত দাতব্য কাজ প্রকাশ্যে আনেন না রাশমিকা। তবে এবার অন্যদেরও মানবিক উদ্যোগে অনুপ্রাণিত করতে বিষয়টি সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন তিনি। রাশমিকার ভাষ্য, তাঁর ছোট একটি উদ্যোগ দেখে অন্য কেউ মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত হলে সেটিই হবে বড় প্রাপ্তি।
রাশমিকা ও তাঁর স্বামী বিজয় দেবেরাকোন্ডা অভিনীত ‘রানাবালি’ তাঁদের একসঙ্গে অভিনীত প্রথম চলচ্চিত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের দক্ষিণ ভারতের মহাদুর্ভিক্ষের ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে বিজয় অভিনয় করেছেন মানুষের অধিকার রক্ষায় লড়াই করা এক বিপ্লবীর চরিত্রে। রাশমিকাকে দেখা যাবে তাঁর স্ত্রী জয়ম্মার ভূমিকায়।
BanglaDock