‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’ টুর্নামেন্টের তৃতীয় আসরের জন্য বাংলাদেশ চ্যাম্পিয়নসের দল ঘোষণা করা হয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ঘোষিত দলে নাসির হোসেন, রুবেল হোসেন, রনি তালুকদার ও ইমরুল কায়েসের মতো সাবেক তারকা ক্রিকেটাররা রয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৩ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। এতে পাকিস্তানের শহীদ আফ্রিদি, ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ইংল্যান্ডের মঈন আলীর মতো সাবেক তারকারাও অংশ নেবেন।
বাংলাদেশ চ্যাম্পিয়নসের প্রথম ম্যাচ ৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে। ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে রাত সাড়ে ৯টায় খেলবে বাংলাদেশ। ৭ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।
এরপর ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ১১ অক্টোবর ভারত এবং ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ চ্যাম্পিয়নস। এসব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।
বাংলাদেশ চ্যাম্পিয়নস স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, রনি তালুকদার, নাসির হোসেন, আরাফাত সানী, কামরুল ইসলাম রাব্বী, জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম, আবু জায়েদ চৌধুরী ও ফজলে মাহমুদ রাব্বী।
BanglaDock