কক্সবাজারে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহজাহান আলম প্রকাশ বাদল (৪২) ও মো. সজীব (২৩) নামে দুইজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। পুলিশের দাবি, বাদলের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ২৭টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, রামু থানার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইল্যাতলী বারিয়াপাড়া এলাকায় একটি বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় তাদের গ্রেফতার করা হয়। ওই ঘটনায় ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে ১৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানা এলাকা থেকে বাদল ও সজীবকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নাম্বারবিহীন হাইস গাড়ি, দুটি মোটরসাইকেল, সাতটি মাস্ক এবং বাদলের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, গ্রেফতার দুজন কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তারা হাইস গাড়ির রং ও নম্বর পরিবর্তন করে এবং মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন সময় অপরাধ সংঘটন করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতার ব্যক্তিরা চকরিয়া থানার তৌহিদ বাদল গ্রুপের সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে।
BanglaDock