`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ব্যাটারিচালিত রিকশায় চলাচলে বড় পরিবর্তনের পরিকল্পনা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
ব্যাটারিচালিত রিকশায় চলাচলে বড় পরিবর্তনের পরিকল্পনা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা ও গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনতে অঞ্চলভিত্তিক রিকশা চলাচল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, রাজধানীকে কয়েকটি অঞ্চলে ভাগ করে নির্দিষ্ট এলাকার রিকশা শুধু ওই এলাকার মধ্যেই চলাচল করতে পারবে। একই সঙ্গে লাইসেন্স ও নিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগও নেওয়া হচ্ছে।


ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম জানিয়েছেন, এক এলাকার রিকশা অন্য এলাকায় গিয়ে যাতে যানজট সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রয়োজন অনুযায়ী দিন ও সড়কভিত্তিক চলাচলের বিধিনিষেধ আরোপ করা হবে।


তিনি বলেন, বর্তমানে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত রিকশা উল্টো দিকসহ নানা অনিয়মে চলাচল করছে এবং অনেক চালক ট্রাফিক আইন মানছেন না। ফলে যানজট আরও তীব্র হচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রিকশা ব্যবস্থাপনাকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনা হবে।


পরিকল্পনা অনুযায়ী, ডেমরার একটি রিকশা নিউ মার্কেট এলাকায় চলাচল করতে পারবে না। একইভাবে কেরানীগঞ্জ বা উত্তর সিটির রিকশাও নির্বিচারে দক্ষিণ সিটির এলাকায় চলাচল করতে পারবে না। কিছু সড়কে রিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।


ডিএসসিসি প্রশাসক আরও বলেন, লাইসেন্স ছাড়া কেউ ঢাকায় রিকশা চালাতে পারবে না। নিবন্ধনের মাধ্যমে রিকশার সংখ্যা, চালক এবং চলাচলের এলাকা নির্ধারণ করা হবে। এ ধরনের ব্যবস্থা কার্যকর করতে প্রয়োজনীয় আইন ও বিধিবিধান প্রণয়নের প্রক্রিয়া চলছে।


রিকশার পাশাপাশি বাস চলাচলেও শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। যত্রতত্র বাস থামানো ও যাত্রী ওঠানামা বন্ধ করে নির্দিষ্ট স্টপেজভিত্তিক ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।


এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনার জন্য একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এতে লাইসেন্সিং, নিবন্ধন এবং স্থানীয় সরকারের মাধ্যমে রাজস্ব আদায়ের ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে।


সরকারের আশা, নতুন নীতিমালা বাস্তবায়িত হলে রাজধানীতে যানজট নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অনিয়ম অনেকটাই কমে আসবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারে আট মাসে ৯৪ হত্যাকাণ্ড

কক্সবাজারে আট মাসে ৯৪ হত্যাকাণ্ড