ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের অভ্যন্তরীণ তথ্য ফাঁস ও খেলোয়াড়দের যোগাযোগ নিয়ে তদন্তের অংশ হিসেবে মোহাম্মদ রিজওয়ান ও ইমাম উল হককে জিজ্ঞাসাবাদ করেছে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। বিস্তারিত জবাব দেওয়ার জন্য তদন্তকারীদের কাছে আরও সময় চেয়েছেন এই দুই ক্রিকেটার।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার লাহোরের জোহর টাউনে এনসিসিআইএর কার্যালয়ে যান রিজওয়ান ও ইমাম। বিকেল ৩টার দিকে সেখানে পৌঁছানোর পর প্রায় দুই ঘণ্টা তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
ইংল্যান্ড সফরের সময় পাকিস্তান দলের নিরাপত্তা কর্মকর্তা কয়েক ঘণ্টার জন্য রিজওয়ান ও ইমামের মোবাইল ফোন নিজেদের হেফাজতে নিয়েছিলেন। পরে খেলোয়াড়দের ফোন ও বিভিন্ন যোগাযোগ খতিয়ে দেখার উদ্যোগ নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর ধারাবাহিকতায় দেশে ফেরার পর দুই ক্রিকেটারকে তলব করে সাইবার ক্রাইম সংস্থা।
তদন্তে ড্রেসিংরুমের তথ্য বাইরে চলে যাচ্ছে কি না, ইংল্যান্ডে অনুশীলন ও ম্যাচ চলাকালে খেলোয়াড়দের যোগাযোগ এবং বিভিন্ন বৈঠক নিয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে হারের পর পাকিস্তান দল থেকে সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়। রিজওয়ান ও ইমামের সঙ্গে ওই তালিকায় ছিলেন অধিনায়ক সালমান আলী আঘাও। সফরে দলের কর্মকাণ্ড এবং কয়েকজন ব্যক্তির সঙ্গে খেলোয়াড়দের কথিত যোগাযোগ নিয়েও তদন্ত চলছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
এনসিসিআইএর কার্যালয়ে যাওয়ার আগে পিসিবির সঙ্গে যোগাযোগ করেছিলেন রিজওয়ান ও ইমাম। জিজ্ঞাসাবাদের সময় তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেও বিস্তারিত জবাব দেওয়ার জন্য আরও সময় চেয়েছেন।
এদিকে তৃতীয় একজন ক্রিকেটারকেও এনসিসিআইএ তলব করেছে বলে জানা গেছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি।
BanglaDock