কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও বিভিন্ন সরঞ্জামসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
বিজিবি জানায়, সকাল সাড়ে ১০টার দিকে একটি ইজিবাইকে তিনজনকে সন্দেহজনকভাবে লেদা বাজার এলাকা অতিক্রম করতে দেখে থামার সংকেত দেওয়া হয়। পরে মেটাল ডিটেক্টরের মাধ্যমে ইজিবাইকে বহন করা বস্তার ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করা হয়। ইজিবাইকসহ তিনজনকে লেদা বিওপিতে নিয়ে তল্লাশি চালিয়ে আলুর বস্তার ভেতর লুকানো অবস্থায় অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে দুটি জি-৩ রাইফেল, দুটি দেশীয় একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি সেট, চার কেজি বিস্ফোরক দ্রব্য, ২৫টি জর্দার কৌটা, ২৫টি লাল স্কচটেপ, একটি ইজিবাইক এবং তিনটি মোবাইল ফোন।
আটক তিনজন হলেন—কুতুপালং ক্যাম্পের মোহাম্মদ উসমান বেলাল, মোচনি ক্যাম্পের মোহাম্মদ মুসলিম এবং কুতুপালং ক্যাম্পের মোহাম্মদ আনসার আলী।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানসহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।
BanglaDock